আমরা কিশোর, আমরা কচি, আমরা বনের বুল্বুলি,
সবুজ পাতায় শয্যা রচি, হাওয়ার দোলায় দুল্দুলি!
উষার আলোয় স্নান করি,
নিত্য নূতন তান ধরি,
সহজ তালে পাখনা মেলি উড়ে চলি চুল্বুলি!
আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে।
লক্ষ আশা অন্তরে,
ঘুমিয়ে আছে মন্তরে,
ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি-পাতার বন্ধনে।
সকল কাঁটা ধন্য করে ফুটবো মোরাও ফুটবো গো,
অরুণ-রবির সোনার আলো দু’হাত দিয়ে লুটবো গো!
নিত্য নবীন গৌরবে
ছড়িয়ে দিব সৌরভে
আকাশ পানে তুলবো মাথা, সকল বাঁধন টুটবো গো!
কেউ বা যাবো দেশ বিজয়ে, সাজবো রাজা ‘সিকন্দর’
সঙ্গে নিয়ে লক্ষ সেনা ছুটবো গো দিগ্-দিগন্তর;
হাতি-ঘোড়ার চট্পটে
কামান-গোলার পট্পটে
দেশ-বিদেশের সকল রাজা কাঁপবে ভয়ে নিরন্তর।
সাগর-জলে পাল তুলে দে’ কেউ বা হবো নিরুদ্দেশ,
কলম্বসের মতোই বা কেউ পৌঁছে যাবো নূতন দেশ!
জাগবে সাড়া বিশ্বময়—
এই বাঙালী নিঃস্ব নয়,
জ্ঞান-গরিমা শক্তি-সাহস আজও এদের হয়নি শেষ।
কেউবা হবো সেনা-নায়ক, গড়বো নূতন সৈন্যদল,
সত্য-ন্যায়ের অস্ত্র নেব, নাইবা থাকুক অন্য বল।
দেশমাতারে পূজবো গো
ব্যথীর ব্যথা বুঝবো গো,
ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্ন-জল।
জ্ঞান-গরিমা শিখবো বলে কেউবা যাবো জার্মানি
সবার আগেই চলবো মোরা, আর কি কভু হার মানি?
শিল্প-কলা শিখবো কেউ,
গ্রন্থমালা লিখবো কেউ,—
কেউবা হবো ব্যবসাজীবী, কেউবা ‘টাটা’, ‘কার্নানি’।
ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে!
আকাশ-আলোর আমরা সুত,
নূতন বাণীর অগ্রদূত,
কতোই কি যে করবো মোরা—নাই কো তাহার অন্ত রে!
Bengali · বাংলা
Related poems
সায়াহ্ন – কায়কোবাদBengali Classicsকায়কোবাদ
দিন চলে যায় – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়
শেফালি – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classicsসত্যেন্দ্রনাথ দত্ত
অপরিচিতা – কায়কোবাদBengali Classicsকায়কোবাদ
ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুরBengali Classicsরবীন্দ্রনাথ ঠাকুর
কোথায়? – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়





