হিয়ারে, কোথায় নিতে চাহিস্ আমারে, হায়,
আকুল, অধীর পারা, ছুটেছিস্ দিশাহারা,
ধাস্ বুঝি মরুভূমে হেরি মৃগতৃষ্ণিকায়,
আরনা, আরনা, হিয়ে, ফিরে আয়, ফিরে আয়।
কি জানি সুধাই কারে, কোথায় যে যেতে চাই!
কি জানি কোথা কে ডাকে, ছুটেছি পাগল তাই!
কি জানি নূতন ভাষা প্রাণের ভিতরে ভাষে;
কি মধুর আলো এক আঁখির উপরে হাসে;
ভাষা সে মধুর ভাষা, আমিই বুঝি না ভাল;
আমি অন্ধপ্রায়, কিন্তু আলো সে উজ্জ্বল আলো।
তাইতো গো অবিরাম চলিয়াছি দিশাহারা;
তাইতো গো দিশি দিশি ছুটেছি পাগলপারা।
অকুল অতল ঘোর এ সংসার পারাবারে
ভাসাইয়া ক্ষুদ্র তরী, দিবালোকে, অন্ধকারে,
অবিরাম, অবিশ্রাম, মানব চলিয়া যায়,
নাহি জানে কোথা যাবে তরঙ্গের ঘায়, ঘায়;—
অদৃশ্য যে কর্ণধার কাটায়ে তরঙ্গগ্রাস,
চালান তরণী তার; ভেদিয়া আঁধার রাশ,
উজল নক্ষত্র সম যাঁর নয়নের ভাতি
সম্মুখে দেখায় পথ আসিলে তামসী রাতি;
শুধিতে মানসস্বর্ণ অনলের মাঝ দিয়া
যাঁহার অদৃশ্য বাহু মানবেরে যায় নিয়া;
সুখের মধুর স্বাদ করিতে মধুরতর
দুঃখের বিধান যাঁর; তাঁহারি স্নেহের কর,
সঙ্কট কণ্টকারণ্যে, মরুভূমে, অন্ধকারে,
যাবে না কি লয়ে মম দুরবল হাত ধরে?
Bengali · বাংলা
Related poems
বীরপুরুষ – রবীন্দ্রনাথ ঠাকুরBengali Classicsরবীন্দ্রনাথ ঠাকুর
সখা – রজনীকান্ত সেনBengali Classicsরজনীকান্ত সেন
আত্ম-বিলাপ – মাইকেল মধুসূদন দত্তBengali Classicsমাইকেল মধুসূদন দত্ত
বিয়ে বাড়ির মজা – সুকান্ত ভট্টাচার্যBengali Classicsসুকান্ত ভট্টাচার্য
জাগরণ – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়
ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুরBengali Classicsরবীন্দ্রনাথ ঠাকুর





