Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

জিজ্ঞাসা

পুষ্পবিরচিত পথে ভ্রমিনু, কোথায় সুখ?
সেবিনু বিশ্রাম সুধা, তবু ঘোচেনা অসুখ।
কল্পনা মলয়াচলে, প্রমোদ নিকুঞ্জতলে
কেন ঘুম ভেঙ্গে গেল, চমকি উঠিল বুক?

“জীবন কিসের তরে?” কেঁদে জিজ্ঞাসিছে প্রাণ,
নীরব কল্পনা আজি, করে না উত্তর দান।
চুম্বিয়া সহস্র ফুল বহে বায়ু, অলিকুল
ঝাঁকে ঝাঁকে গুঞ্জরিছে, নদী গাহে মৃদু গান।

আবার ঘুমাব বলে মুদিলাম আঁখিদ্বয়,
আসিলনা সুপ্তি মম, চিত্ত যে তরঙ্গময়;
যত চাহি ভুলিবারে, জীবন কিসের তরে
নারিনু ভুলিতে কথা, ফিরে ফিরে মনে হয়।

উৎস: আলো ও ছায়া (১৮৮৯) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৮৮৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *