Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

আলোকে

আমরাত আলোকের শিশু।
আলোকেতে কি অনন্ত মেলা!
আলোকেতে স্বপ্ন জাগরণ,
জীবন ও মরণের খেলা।

জীবনের অসংখ্য প্রদীপ
এক মহাচন্দ্রাতপ তলে,
এক মহাদিবাকর করে,
ধীরে ধীরে অতি ধীরে জলে।

অনন্ত এ আলোকের মাঝে,
আপনারে হারাইয়া যাই,
দুঃসহ এ জ্যোতির মাঝার
অন্ধবৎ ঘুরিয়া বেড়াই।

আমরা যে আলোকের শিশু,
আলো দেখি ভয় কেন পাই?
এস, চেয়ে দেখি দশ দিক্,
হেথা কারও ভয় কিছু নাই।

অসীম এ আলোক সাগরে
ক্ষুদ্র দীপ নিবে যদি যায়,
নিবুক না, কে বলিতে পারে
জলিবে না সে যে পুনরায়।

উৎস: আলো ও ছায়া (১৮৮৯) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৮৮৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *