Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

নির্ব্বাণ

কে কোথায় গেয়েছিল গান—
সুর তার গেছি ভুলি, মনে নাই কথা গুলি,
শেষ তার “জীবনের জলন্ত শ্মশান
কোন দিন হইবে নির্ব্বাণ?”

তাপদগ্ধ হয় যবে প্রাণ,
কোলাহল ভেদি জনতার, হানে ধীরে হৃদয় দুয়ার
বিরাগের সহচর উন্মাদক গান—
“কোন দিন হইবে নির্ব্বাণ?”

সুন্দরতা-মগন পরাণ
মজি রহে যেথা চাই, আপনারে ভুলে যাই—
এই বুঝি নিবে যাওয়া জলন্ত শ্মশান?
একি নহে ক্ষণিক নির্ব্বাণ?

খোলে যবে নিদ্রিত নয়ান,
আদি অন্তে, জড়ে, নরে, ত্রিভুবন চরাচরে,
হেরে শুধু সৌন্দর্য্যের, প্রেমের বিধান,
জুড়াইয়া জলন্ত পরাণ!

একদিন হবে না এমন,
আপনার ভুলি চিরতরে, মগ্ন রব সৌন্দর্য্য সাগরে,
কিবা অমা, কি পূর্ণিমা, মরু, ফুলবন,
আনন্দের হবে প্রস্রবণ?

সেই দিন বুঝি দগ্ধপ্রাণ,
ক্ষণিক স্বপন সম, হেরিবে অতীতে মম,—
শৈশবের ভীতি, দুঃখ, আঁধার, অজ্ঞান,
সেই দিন হইবে নির্ব্বাণ।

উৎস: আলো ও ছায়া (১৮৮৯) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৮৮৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *