Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

শিক্‌ওয়া (অংশ)

অংশবিশেষ · শিক্‌ওয়া ও জবাব-ই-শিক্‌ওয়া (মুহম্মদ ইকবালের উর্দু কাব্যের অনুবাদ)

ক্ষতিই কেন সইব বল? লাভের আশা রাখব না?
অতীত্ নিয়েই থাক্‌ব ব’সে—ভবিষ্যৎ কি ভাব্‌ব না?
চুপ্‌টি ক’রে বোবার মতন্‌ শুন্‌ব কি গান বুল্‌বুলির?
ফুল কি আমি? ফুলের মতই রইব নীরব নম্রশির?
কণ্ঠে আমার অগ্নিবাণী—সেই সাহসেই আজকে ভাই
খোদার নামে ক’রব নালিশ! মুখে আমার পড়ক ছাই!

॥২॥
সত্য বটে, আমরা তোমার বান্দা সবাই ভক্তপ্রাণ,
তবু, আজি লাচার হয়েই গাইতে হ’ল ব্যথার গান।
কণ্ঠবীণা নীরব—তবু, ফরিয়াদে পূর্ণ বুক,
ঠোঁটের কাছে গান আসে ত কেমন ক’রে রইব মূক?
এয় খোদা, আজ শোন কিছু অভিযোগও প্রেমিকদের
ভক্তদিগের মুখে শোন নিন্দাবাদও একটু ফের!

॥৩॥
অজুদ তোমার মজুদ ছিল আযল থেকেই—সে নিশ্চয়
কিন্তু ছিলে সমীর-হারা গুল্‌বাগে ফুল যেমন রয়।
ইন্‌সাফেরই দোহাই দিয়ে শুধাই তোমায়—কও আমায়;
খুশ্-বু তোমার ছড়াত কে—না এলে এই প্রভাত বায়?
তোমার খুশির তরেই ছিল পেরেশান সব ভক্তদল,
নয় কি ছিল তোমার নবীর উম্মতেরা সব পাগল?

॥৪॥
মোদের আগে এই দুনিয়ার দৃশ্য ছিল—চমৎকার!
পূজত কেহ পাথর-নুড়ি—বৃক্ষলতা কেউ আবার,
সাকার পূজাই ক’রত যারা—মান্‌ত না কেউ না-দেখায়,
তারাই আবার কেমন করে পূজবে নিরাকার খোদায়!
বলতে পার: এই দুনিয়ায় নিত’ কি কেউ তোমার নাম?
মুসলমানের বাজুর জোরেই কর্‌লে হাসিল্ সেই-সে কাম!

॥৫॥
সেল্‌জুক আর তুরানীরা বাস করিত হেথায় বেশ,
চীন দেশেতে ছিল চীনা—সাসানীরা ইরান-দেশ।
এই ধরাতেই ছিল প্রাচীন সভ্যজাতি ইউনানী,
ইহুদী আর নাসারারা—জানি মোরা—তাও জানি।
কিন্তু, বল, তোমার তরে তেগ্-তলোয়ার ধরল কে?
বিগ্‌ড়ে-যাওয়া তোমার বিধান কায়েম আবার ক’র্‌ল কে?

উৎস: শিক্‌ওয়া ও জবাব-ই-শিক্‌ওয়া (মুহম্মদ ইকবালের উর্দু কাব্যের অনুবাদ) (১৯৬০) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *