কেউ দেখেছ কি তারে?
সে যেন কোথায় গেল কাঁদায়ে আমারে!
এই পথে এ’সেছিল,
এই পথে চ’লে গেল,
কোথায় লুকাল যে’য়ে কাহার দুয়ারে!
কেউ দেখেছ কি তারে!
কেউ দেখেছ কি তারে?
আমি যে তাহার কথা পাসরিতে নারি!
কোন পথে কোথা গেল,
কোথা যে’য়ে লুকাইল
আমারে করিয়া গেল পথের ভিখারী!
কেউ দেখেছ কি তারে?
কণ্ঠে তার ফুল মালা, হাতেতে বকুল-বালা
কুন্তলে গোলাপ গুচ্ছ
মুখে সুধা ঝরে!
অধরে চপলা হাসি, উছলিছে রূপরাশি
কাহার ঘরণী সে যে
কোথা বাস করে!
কেউ দেখেছ কি তারে?
কেউ দেখেছ কি তারে?
নিতি নিতি আসে যায় দেয়না সে ধরা!
সুধালে কয়না কথা
প্রাণে যেন কত ব্যথা
পায়েতে অলক্ত তার শুভ্রবাস পরা!
এত করে সাধি তায়,
তবুও না ফিরে চায়
কঠিন হৃদয় তার পাষানেতে গড়া!
কেউ দেখেছ কি তারে?
Bengali · বাংলা
Related poems
করবী – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classics
বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, দ্বাদশ প্রবাহ (অংশ) – মীর মশাররফ হোসেনBengali Classics
বাবু – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classics
পান্তাবুড়ির কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরীBengali Classics
থাম্ অশ্রু থাম্ – কামিনী রায়Bengali Classics
নিশা – মাইকেল মধুসূদন দত্তBengali Classics





