পিসিমা আমার!
কোথায় গেলি গো তুই ত্যজিয়া আমারে!
হায়রে এ হৃদি তলে
ভীষণ অনল জ্বেলে
ডুবাইয়ে এ পরাণ ঘোর হাহাকারে!
সারাটী জীবন তুই কাঁদিয়া কাঁদিয়া
অনাহারে অনাদরে
কত কষ্ট সহ্য ক’রে
অবহেলে এ জীবন দিলি কাটাইয়া!
জন্মেছিলি তুই বুঝি সহিতে যাতনা,
জন্মিয়া সুতিকা ঘরে
যদিগো যেতিস মেরে
হতনা সহিতে তোরে এ ঘোর লাঞ্ছনা!
পিসীমা আমার!—
কত পত্রে, কত ছত্রে করুণ ভাষায়,
কাতরে মিনতি ক’রে
এক মুষ্টি অন্ন তরে
কত কেঁদেছিলি, আমি শুনি নাই হায়!
শুনি নাই হায় তোর সে দীর্ঘ নিশ্বাস,
পর গৃহে, উপবাসে
পড়ি মৃত্যু-শয্যা-পাশে
কেঁদেছিলি যবে, তুই হইয়া নিরাশ!
কে জানিত তোর ভাগ্যে ঘটিবে এমন,
পর গৃহে, পর পাশে
হায় ভিখারিণী বেশে
অনাহারে অযতনে হারাবি জীবন!
Bengali · বাংলা




