Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

একটি মোরগের কাহিনী

একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল
বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে,
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়—
আরো দু’তিনটি মুরগীর সঙ্গে।

আশ্রয় যদিও মিলল,
উপযুক্ত আহার মিলল না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটাল সেই মোরগ
ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত—
তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত।

তারপর শুরু হল তাঁর আঁস্তাকুড়ে আনাগোনা:
আশ্চর্য! সেখানে প্রতিদিন মিলতে লাগল
ফেলে দেওয়া ভাত-রুটির চমৎকার প্রচুর খাবার!

তারপর এক সময় আঁস্তাকুড়েও এল অংশীদার—
ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু’তিনটে মানুষ;
কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে।

খাবার! খাবার! খানিকটা খাবার!
অসহায় মোরগ খাবারের সন্ধানে
বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে,
প্রত্যেকবারই তাড়া খেল প্রচণ্ড।
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে—
‘প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার’!

তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল,
একেবারে সোজা চলে এল
ধপ্‌ধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে;
অবশ্য খাবার খেতে নয়—
খাবার হিসেবে॥

উৎস: ছাড়পত্র (১৯৪৮) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯৪৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

কবিতাচিলপথ চলতে চলতে হঠাৎ দেখলাম:ছাড়পত্রপড়ুন →কবিতাআঠারো বছর বয়সআঠারো বছর বয়স কী দুঃসহছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাছাড়পত্রযে শিশু ভূমিষ্ঠ হ’লো আজ রাত্রেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতারানাররানার ছুটেছে তাই ঝুম ঝুম্ ঘণ্টা বাজছে রাতেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাএক যে ছিলএক যে ছিল আপনভোলা কিশোর,মিঠেকড়াপড়ুন →কবিতাপ্রার্থীহে সূর্য! শীতের সূর্য!ছাড়পত্রপড়ুন →
সুকান্ত ভট্টাচার্য — লেখকের পাতা →