Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

ছাড়পত্র

যে শিশু ভূমিষ্ঠ হ’লো আজ রাত্রে
তার মুখে খবর পেলুম:
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চীৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের—
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান:
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চ’লে যেতে হবে আমাদের।
চ’লে যাবো—তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক’রে যাবো আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
ক’রে যাবো আশীর্বাদ,
তারপর হব ইতিহাস॥

উৎস: ছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২) (১৯৪৭) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

কবিতাএক যে ছিলএক যে ছিল আপনভোলা কিশোর,মিঠেকড়াপড়ুন →কবিতারানাররানার ছুটেছে তাই ঝুম ঝুম্ ঘণ্টা বাজছে রাতেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাএকটি মোরগের কাহিনীএকটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলছাড়পত্রপড়ুন →কবিতাঅতি কিশোরের ছড়াতোমরা আমায় নিন্দে ক’রে দাও না যতই গালি,মিঠেকড়াপড়ুন →কবিতাবিয়ে বাড়ির মজাবিয়ে বাড়ি: বাজছে সানাই, বাজছে নানান বাদ্যমিঠেকড়াপড়ুন →কবিতাহে মহাজীবনহে মহাজীবন, আর এ কাব্য নয়ছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →
সুকান্ত ভট্টাচার্য — লেখকের পাতা →