Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

এক যে ছিল

এক যে ছিল আপনভোলা কিশোর,
ইস্কুল তার ভাল লাগত না,
সহ্য হত না পড়াশুনার ঝামেলা
আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই,
অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে।
কেমন ক’রে? সে প্রশ্ন আমাকে করো না॥

বড়মানুষীর মধ্যে গরীবের মতো মানুষ,
তাই বড় হয়ে সে বড়মানুষ না হয়ে
মানুষ হিসেবে হল অনেক বড়।
কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না॥

গানসাধার বাঁধা আইন সে মানে নি,
অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি ক’রে আনল
তোমার আমার গান।
কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে,
অথচ শিল্পী ব’লে সে-ই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান।
কেমন ক’রে? সে প্রশ্ন আমাকে করো না॥

মানুষ হল না ব’লে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়,
অনেক দিন, অনেক বিদ্রুপ যাকে করেছে আহত;
সে-ই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়।

কেউ তাকে বলল, ‘বিশ্বকবি’, কেউ বা ‘কবিগুরু’
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম চারদিক করল প্রণাম।
তাই পৃথিবী আজো অবাক হয়ে তাকিয়ে বলছে:
কেমন ক’রে? সে প্রশ্ন আমাকে ক’রো না,
এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি॥

উৎস: মিঠেকড়া (১৯৫১) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯৫১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

কবিতাঅতি কিশোরের ছড়াতোমরা আমায় নিন্দে ক’রে দাও না যতই গালি,মিঠেকড়াপড়ুন →কবিতাবিয়ে বাড়ির মজাবিয়ে বাড়ি: বাজছে সানাই, বাজছে নানান বাদ্যমিঠেকড়াপড়ুন →কবিতাআঠারো বছর বয়সআঠারো বছর বয়স কী দুঃসহছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাছাড়পত্রযে শিশু ভূমিষ্ঠ হ’লো আজ রাত্রেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতারানাররানার ছুটেছে তাই ঝুম ঝুম্ ঘণ্টা বাজছে রাতেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাচিলপথ চলতে চলতে হঠাৎ দেখলাম:ছাড়পত্রপড়ুন →
সুকান্ত ভট্টাচার্য — লেখকের পাতা →