Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

প্রার্থী

হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি,
যেমন প্রতীক্ষা ক’রে থাকে কৃষকদের চঞ্চল চোখ,
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।

হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে,
এক-টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!

সকালের এক-টুকরো রোদ্দুর—
এক-টুকরো সোনার চেয়েও মনে হয় দামী।
ঘর ছেড়ে আমরা এদিক—ওদিকে যাই—
এক-টুকরো রোদ্দুরের তৃষ্ণায়।

হে সূর্য!
তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে
উত্তাপ আর আলো দিও,
আর উত্তাপ দিও,
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।

হে সূর্য
তুমি আমাদের উত্তাপ দিও—

শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে
পরিণত হব।
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী॥

উৎস: ছাড়পত্র (১৯৪৮) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯৪৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

কবিতাএক যে ছিলএক যে ছিল আপনভোলা কিশোর,মিঠেকড়াপড়ুন →কবিতাআঠারো বছর বয়সআঠারো বছর বয়স কী দুঃসহছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাঅতি কিশোরের ছড়াতোমরা আমায় নিন্দে ক’রে দাও না যতই গালি,মিঠেকড়াপড়ুন →কবিতারানাররানার ছুটেছে তাই ঝুম ঝুম্ ঘণ্টা বাজছে রাতেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাবিয়ে বাড়ির মজাবিয়ে বাড়ি: বাজছে সানাই, বাজছে নানান বাদ্যমিঠেকড়াপড়ুন →কবিতাছাড়পত্রযে শিশু ভূমিষ্ঠ হ’লো আজ রাত্রেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →
সুকান্ত ভট্টাচার্য — লেখকের পাতা →