তুমি, নির্ম্মল কর, মঙ্গলকরে
মলিন মর্ম্ম মুছা’য়ে;
তব, পুণ্যকিরণ দিয়ে যাক্, মোর
মোহকালিমা ঘুচা’য়ে।
লক্ষ্যশূন্য লক্ষ বাসনা
ছুটিছে গভীর আঁধারে,
জানিনা কখন ডুবে যাবে কোন্
অকূল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ববিপদহন্তা,
তুমি, দাঁড়াও রুধিয়া পন্থা,
তব, শ্রীচরণতলে নিয়ে এস, মোর
মত্ত-বাসনা গুছায়ে।
আছ, অনল-অনিলে, চিরনভোনীলে,
ভূধরসলিলে, গহনে,
আছ, বিটপিলতায়, জলদের গায়,
শশিতারকায়, তপনে;
আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব’সে, আঁধারে মরিগো কাঁদিয়া,
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
দাও হে দেখায়ে বুঝায়ে।
Bengali · বাংলা
Related poems
থাম্ অশ্রু থাম্ – কামিনী রায়Bengali Classics
ফুলের বিবাহ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classics
আবদুল্লাহ্: ষষ্ঠ পরিচ্ছেদ – কাজী ইমদাদুল হকBengali Classics
একা — “কে গায় ওই?” – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classics
বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, দ্বাদশ প্রবাহ (অংশ) – মীর মশাররফ হোসেনBengali Classics
বাঘের রাঁধুনি – উপেন্দ্রকিশোর রায়চৌধুরীBengali Classics





