Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

আমি অকৃতী অধম

(আমি) অকৃতী অধম বলে’ও তো, কিছু
কম ক’রে মোরে দাওনি!
যা’ দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া,
কেড়েও তো কিছু নাওনি!
(তব) আশীষ কুসুম ধরি নাই শিরে,
পায়ে দ’লে গেছি, চাহি নাই ফিরে;
তবু দয়া ক’রে কেবলি দিয়েছ,
প্রতিদান কিছু চাওনি।
(আমি) ছুটিয়া বেড়াই জানিনা কি আশে,
সুধা পান ক’রে, মরি গো পিয়াসে;
তবু, যাহা চাই সকলি পেয়েছি;
তুমি তো কিছুই পাওনি।
(আমায়) রাখিতে চাও গো, বাঁধনে আঁটিয়া,
শত-বার যাই বাঁধন কাটিয়া,
ভাবি, ছেড়ে গেছ,—ফিরে চেয়ে দেখি,
এক পাও ছেড়ে যাওনি।

উৎস: বাণী (প্রথম প্রকাশ ১৯০২; পাঠ: ১৯১০ সংস্করণ) (১৯০২) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *