আমারে ফুটিতে হ’ল বসন্তের অন্তিম নিশ্বাসে,
বিষণ্ণ যখন বিশ্ব নির্ম্মম গ্রীষ্মের পদানত;
রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,
একাকী আসিতে হ’ল—সাহসিক অপ্সরার মত
বনানী শোষণ-ক্লিষ্ট মর্ম্মরি’ উঠিল একবার,
বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহুস্বর;
জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার
দেখিলাম জলস্থল,—শূন্য, শুষ্ক, বিহ্বল, জর্জ্জর।
তবু এনু বাহিরিয়া,—বিশ্বাসের বৃন্তে বেপমান,—
চম্পা আমি,—খরতাপে আমি কভু ঝরিব না মরি,
উগ্র মদ্য সম রৌদ্র,—যার তেজে বিশ্ব মুহ্যমান,—
বিধাতার আশীর্ব্বাদে আমি তা’ সহজে পান করি।
ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি’;
মূর্চ্ছে দেহ, মোহে মন,—মুহুমুহু করি অনুভব!
সূর্য্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছে তনু ভরি’;
দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্য্যেরি সৌরভ।
Bengali · বাংলা
Related poems
স্বাধীনতার সুখ – রজনীকান্ত সেনBengali Classicsরজনীকান্ত সেন
অবরোধ-বাসিনী: এগারো – রোকেয়া সাখাওয়াত হোসেনBengali Classicsরোকেয়া সাখাওয়াত হোসেন
আবদুল্লাহ্: অষ্টম পরিচ্ছেদ – কাজী ইমদাদুল হকBengali Classicsকাজী ইমদাদুল হক
সখা – রজনীকান্ত সেনBengali Classicsরজনীকান্ত সেন
কেতকী – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classicsসত্যেন্দ্রনাথ দত্ত
চন্দ্রালোকে – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classicsবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়





