Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

পাল্কীর গান

অংশবিশেষ · কুহু ও কেকা (১৯১২)

পাল্কী চলে!
পাল্কী চলে!
গগন-তলে
আগুণ জ্বলে!
স্তব্ধ গাঁয়ে
আদুল্ গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা!

ময়রা মুদি
চক্ষু মুদি
পাটায় ব’সে
দুলছে ক’সে!
দুধের চাঁছি
শুষছে মাছি,—

উড়ছে কতক
ভন্ ভনিয়ে।—
আস্‌ছে কারা
হন্‌ হনিয়ে?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক দু’পুরে
ধায় হাটুরে!

কুকুর গুলো
শুঁকছে ধূলো,—
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ।
ঢুক্‌ছে গরু
দোকান-ঘরে,
আমের গন্ধে
আমোদ করে!

পাল্কী চলে,
পাল্কী চলে—
দুল্‌কি চালে
নৃত্য তালে!

উৎস: কুহু ও কেকা (১৯১২) (১৯১২) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *