Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

অবিসর্জিতা

কথা চক্রবর্তী·১ মিনিটের পাঠ

আশ্বিন মাসে উমা নাকি
আসেন বাপের বাড়ি,
নয় রাত মাতিয়ে জগৎ
পাড়ি দেন স্বামীর বাড়ি।

নবরাত্রির আলোর উৎসবে
উমা ঘুরে বেড়ান জগৎময়,
বস্তির ভাঙা ঘরেও তাই ক’টা দিন
খুশির জোয়ার বয়।

নবরাত্রি শেষে যেদিন
দশমীর প্রহর আসে,
বিসর্জনের বাদ্যি বেজে
উমা ফেরেন কৈলাসে।

দশমীর বিষাদ লগনে
উমার সন্তানের মুখভার,
মামারবাড়ি ভারী মজা,
থাকতে চায় আরও দিনচার।

নদীর ধারে কাশফুল আর
দোলায় না তার কেশ,
শিউলির ওই টুপটাপ দেখো,
ঘোচায় না মনের ক্লেশ।

উমা গেছেন স্বামীর বাড়ি,
আলোকসজ্জার অবসান।
শ্যামার আগমনে আবারও
হয় আঁধারের ভাসান।

নিজের অঙ্গে কালো মেখে
আঁধার করে গ্রাস,
উমা জানি কালীর বেশে
করে অশুভের নাশ।

অসহায়ের হাতে হাতটি রেখে,
বছরজুড়ে যে দেয় সাথ,
এবার বলো, তার কি হয় বিসর্জন,
শেষ হলে নয় দিন, নয় রাত?

#Festival
কবি পরিচিতিকথা চক্রবর্তী

Katha Chakraborty is a writer who shares poetry with readers around the world through The Poetic Land, an international home for poems and stories.

India
কবিতাটি ভালো লাগলে ভালোবাসা জানান
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *